মার্চেন্টের পর এবার ব্যক্তি পর্যায়েও চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক লেনদেন সেবা। এর ফলে পিটুপি বা ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ পাঠাতে ফোন বা অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করেই অর্থ পাঠানো যাবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন এ সেবার মাধ্যমে দ্রুত ও নিরাপদে অর্থ পাঠানো যাবে। দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্টের প্রসারে সহায়ক হবে বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা।

২০২৩ সালের ১৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হয় বাংলা কিউআর। পরবর্তী সময়ে প্রায় সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) এ সেবার আওতায় আসে। তবে ব্যবহার বাড়াতে চলতি বছরের ১ জুলাই থেকে সব মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, আগস্টে এমএফএসের মাধ্যমে বাংলা কিউআরে প্রায় ৬৯ লাখ লেনদেন হয়েছে, যার আর্থিক পরিমাণ ১ হাজার ৮৮৩ কোটি টাকা। একই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ে ৫ লাখ ৮৬ হাজার লেনদেনে অর্থের পরিমাণ ছিল ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা।