চলতি ফসলি বছর ব্রাজিলের ভুট্টা উৎপাদন আগের পূর্বাভাসের চেয়ে ২০ লাখ টন কমতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) গতকাল এক পূর্বাভাসে এ তথ্য জানায়।

প্রথম দফায় রোপণ করা ভুট্টার উৎপাদন কমায় এবং দ্বিতীয় দফায় রোপণে বিলম্বের ফলে চলতি ফসলি মৌসুমে ব্রাজিলের মোট ভুট্টা উৎপাদন হতে যাচ্ছে ১০ কোটি ৫০ লাখ টন।

আগের পূর্বাভাসের চেয়ে কম হলেও ভুট্টা উৎপাদন ২০১৯-২০২০ ফসলি বছরের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ বেশি হতে যাচ্ছে। এমনটা হলে ভুট্টা উৎপাদনে রেকর্ড করবে ব্রাজিল। এফএএস বলছে, ব্রাজিলের আবাদি জমির পরিমাণ ১০ লাখ হেক্টর বেড়ে ১ কোটি ৯৫ লাখ হেক্টরে দাঁড়াচ্ছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ কৃষিজমি আবাদের রেকর্ড।

এফএএস আরো জানায়, সাম্প্রতিক দিনগুলোতে ভুট্টার মূল্যবৃদ্ধির জেরে অধিক জমিতে ভুট্টা চাষ করছেন ব্রাজিলের কৃষকরা। তবে চাষাবাদ গ্রীষ্ম মৌসুম পর্যন্ত প্রলম্বিত হওয়ায় উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।