রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (২ মার্চ) বেলা ১১টায় এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালীর নেতৃত্বে ওই ভবন পরিদর্শন করেন ব্যবসায়ী নেতারা। এ সময় দেশের বাণিজ্যিক ভবনগুলোতে অগ্নি সুরক্ষা নিশ্চিতে সরকারের সঙ্গে জোরালো ভাবে কাজ করার কথা জানায় এফবিসিসিআই।

এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর অগ্রসর হয়েছে। যেখানে বেসরকারি খাতের অবদান উল্লেখযোগ্য। তবে ব্যবসা-বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানে শতভাগ কমপ্লায়েন্স বাস্তবায়নে আমরা এখনো পিছিয়ে রয়েছি। বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একে অন্যকে দোষারোপ না করে বাণিজ্যিক ভবনসহ সব ধরনের স্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষা বাস্তবায়নে সরকার এবং বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

তিনি এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি বলেন, এ দুর্ঘটনা যাদের অবহেলায় হয়েছে তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। যাদের অবহেলার কারণে এতগুলো মানুষের প্রাণ গেল তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।এ দুর্ঘটনার সঙ্গে জড়িতরা ব্যবসায়ী হোক কিংবা ভবনের কমপ্লায়েন্স নিশ্চিত ও তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান হোক, প্রকৃত অর্থে যাদের অবহেলায় ও উদাসীনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাদের প্রত্যেককে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

এ সময় তিনি ভবনের কমপ্লায়েন্সের বিষয়গুলো তদারকির সঙ্গে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। 

বেইলি রোডে অগ্নিকাণ্ডকে মানব সৃষ্ট সংকট (ম্যান মেইড ক্রাইসিস) হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এখন থেকেই যথাযথ প্রস্তুতি নিতে হবে।

এ সময় উপস্থিত এফবিসিসিআইর সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, এফবিসিসিআই পরিচালকরা সহ ব্যবসায়ী নেতারা।