বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ফাস্ট চার্জিং স্টেশন অবকাঠামোকে শক্তিশালী করার পরিকল্পনা করেছে জাপান। এরই পরিপ্রেক্ষিতে ইভি ফাস্ট চার্জিং স্টেশন স্থাপনসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার। জাপানের ইভি চার্জিং বিধিমালা তদারকি সংস্থা অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এ-সংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশ ২০২৩ সালের শেষ দিকে সংশোধন করা হবে। খবর কিয়োদো নিউজ।
বর্তমানে ২০০ কিলোওয়াটের বেশি শক্তিসম্পন্ন চার্জারগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য বিধান অনুযায়ী ব্যবহার করতে হয়, যা উচ্চ ব্যয়সাপেক্ষ। প্রচলিত শর্ত অনুযায়ী ২০০ কিলোওয়াট শক্তি সরবরাহ করতে সক্ষম এমন চার্জিং সরঞ্জাম স্থাপন করতে প্রায় ৭৬ হাজার ৪০০ ডলার খরচ হয়। এছাড়া এসব স্টেশনের পরিচালনা ব্যয়ও অত্যধিক। টোকিও ইলেকট্রিক পাওয়ার হোল্ডিংসের ই-মোবিলিটি ইউনিটের এক প্রতিনিধি বলেন, স্থাপন ও পরিচালনা ব্যয় কমলে ইভির ফাস্ট চার্জিং স্টেশন আরো জনপ্রিয় ও লাভবান হবে। পাশাপাশি সহজ হবে ব্যবস্থাপনা।
জাপানে ২০০ কিলোওয়াটের বেশি শক্তিসম্পন্ন স্টেশনগুলোকে বৈদ্যুতিক সাবস্টেশন হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হাই-ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। প্রচলিত নিয়ম অনুসারে ২০০ কিলোওয়াট শক্তিসম্পন্ন চার্জিং স্টেশনগুলোকে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় অন্যান্য স্থাপনা থেকে দূরে রাখতে হয়। শুধু নির্দিষ্ট লোকই এ ধরনের চার্জার ব্যবহার করতে পারবেন। বর্তমান আইনের শিথিলতার পদক্ষেপ জাপানে ইভির ফাস্ট চার্জিং স্টেশনগুলোর ক্রমবর্ধমান নেটওয়ার্ককে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানের ইভি বাজার ধীরগতিতে বাড়ছে। অটোমোবাইল শিল্প গবেষণা সংস্থা মার্কলাইনের তথ্যমতে, ২০২২ সালের নভেম্বরে জাপানে নতুন যানবাহন বিক্রির মধ্যে ইভির অংশ ছিল মাত্র ২ শতাংশ। একই সময়ে চীনে নতুন যানবাহন বিক্রির ক্ষেত্রে ইভির অংশ ছিল ২৫ শতাংশ, জার্মানিতে ২০ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ৯ শতাংশ।
জাপানে ইভি গাড়ির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা চার্জিং স্টেশনের অভাব। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) মতে, ২০২১ সালে জাপানে প্রায় ২৯ হাজার পাবলিক ইভি চার্জিং স্টেশন ছিল। এর মধ্যে ৮ হাজার ফাস্ট চার্জার ছিল। ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে ১ লাখ ৫০ হাজার ইভি চার্জিং স্টেশন গড়ে তোলার প্রত্যাশা করছে জাপান। এর মধ্যে ৩০ হাজার ফাস্ট চার্জিং স্টেশন নির্মাণের পরিকল্পনাও রয়েছে দেশটির।










