যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কারখানায় ৪৯ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জেনারেল মোটরস (জিএম)। বিদ্যুচ্চালিতসহ ভবিষ্যৎ যানবাহনের জন্য ইস্পাত ও অ্যালুমিনিয়ামের যন্ত্রাংশ উৎপাদনের জন্য কারখানাটি সম্প্রসারণ ও আপগ্রেডের জন্য এ অর্থ ব্যয় করা হবে।

এপির খবর অনুসারে, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যারিয়নে জিএমের কারখানাটিতে দুটি প্রেস লাইন স্থাপন, প্রেস ও ডাই আপগ্রেড এবং কারখানাটি সংস্কার করা হবে। পাশাপাশি কারখানাটি প্রায় ছয় হাজার বর্গফুট সম্প্রসারণের পরিকল্পনাও করা হয়েছে।

জিএম জানিয়েছে, ম্যারিয়নের কারখানাটি আপগ্রেড করতে চলতি বছরের শেষ দিকে কাজ শুরু হবে। কারখানাটিকে ভবিষ্যতের পণ্যগুলোর জন্য বিভিন্ন ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ তৈরির জন্য উপযুক্ত করা হবে। এর মাধ্যমে কারখানাটি বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনেরও উপযোগী হবে।

সাম্প্রতিক সময়ে বিদ্যুচ্চালিত গাড়িতে মনোযোগ বাড়াচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে সংস্থাটি ম্যারিয়নের কারখানা আপগ্রেড করার প্রকল্প হাতে নিয়েছে। কারখানাটিতে ৭৫০ জনেরও বেশি কর্মী কাজ করছেন। কারখানাটি সম্প্রসারণের পর নতুন করে আরো কর্মী যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।