মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে ২ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ২২৩ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ২ দশমিক ১১ শতাংশ। এ সময় কোম্পানিটির শেয়ার লেনদেন বেড়েছে ১২ দশমিক শূন্য ৬ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৫ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা থেকে ১৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ১৩ পয়সায়।









