আর্জেন্টিনা থেকে রফতানি হওয়া কৃষিপণ্যগুলোর মধ্যে অন্যতম সয়াবিন। দেশটি থেকে প্রতি বছর আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন তেল রফতানি হয়। চলতি বছরের বাকি তিন মাসের জন্য (অক্টোবর-ডিসেম্বর) পণ্য দুটির ওপর বিদ্যমান রফতানি শুল্ক কমিয়ে এনেছে আর্জেন্টিনা সরকার। এর মধ্যে সয়াবিন তেলের রফতানি শুল্ক কমানো হয়েছে ৫ শতাংশ। আর সয়াবিনের রফতানি শুল্ক কমেছে ৩ শতাংশ। আর্জেন্টিনার অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। মূলত করোনা মহামারীর সময় বৈদেশিক রিজার্ভে পতন ঠেকানোর উদ্দেশে রফতানি বাড়াতে চাইছে আর্জেন্টিনা সরকার। এ কারণে অন্যতম রফতানি পণ্য সয়াবিন ও সয়াবিন তেলের রফতানি শুল্ক সাময়িক কমিয়ে আনা হয়েছে। খবর বুয়েন্স আয়ার্স টাইমস ও সাকসেসফুল ফার্মিং।
সয়াবিন তেল রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক তালিকায় আর্জেন্টিনার অবস্থান শীর্ষে। দেশটি থেকে পণ্যটির রফতানিতে এতদিন ৩৩ শতাংশ হারে শুল্ক দিতে হতো। চলতি বছরের অক্টোবরে এ শুল্কহার ৫ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্টিন গুজম্যান। অর্থাৎ চলতি মাসে আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল রফতানিতে ২৮ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। নভেম্বরে এ শুল্কহার উন্নীত হবে ২৯ দশমিক ৫ শতাংশে। ডিসেম্বর নাগাদ সয়াবিন তেলের শুল্কহার আরো বেড়ে ৩০ শতাংশে উঠবে। ২০২১ সালের জানুয়ারিতে আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল রফতানিতে ৩১ শতাংশ শুল্ক দিতে হবে। একই শুল্কহার বহাল থাকবে সয়ামিলের ক্ষেত্রেও।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে আর্জেন্টিনা থেকে সব মিলিয়ে ৬০ লাখ টন সয়াবিন তেল রফতানি হতে পারে, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ১৫ শতাংশ বেশি। ২০১৯ সালে দেশটি থেকে ৫৩ লাখ ৫০ হাজার টন সয়াবিন তেল রফতানি হয়েছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল রফতানি বাড়তে পারে ৬ লাখ ৫০ হাজার টন।
এদিকে আর্জেন্টিনা থেকে সয়াবিন রফতানির ক্ষেত্রে এতদিন ৩৩ শতাংশ হারে শুল্ক দিতে হতো। চলতি বছরের অক্টোবরে এ শুল্কহার ৩ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্টিন গুজম্যান। অর্থাৎ চলতি মাসে আর্জেন্টিনা থেকে সয়াবিন রফতানিতে ৩০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। নভেম্বরে এ শুল্কহার উন্নীত হবে ৩১ দশমিক ৫ শতাংশে। ডিসেম্বর নাগাদ সয়াবিনের শুল্কহার আরো বেড়ে ৩২ শতাংশে উঠবে। ২০২১ সালের জানুয়ারিতে আর্জেন্টিনা থেকে সয়াবিন রফতানিতে আগের মতো ৩৩ শতাংশ শুল্ক দিতে হবে। এ বিষয়ে মার্টিন গুজম্যান বলেন, জানুয়ারিতে আর্জেন্টিনায় নতুন মৌসুমের সয়াবিন বাজারে উঠবে। তখন পণ্যটির রফতানি শুল্ক আগের অবস্থানে ফিরে যাবে।
সয়াবিন উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক তালিকায় আর্জেন্টিনা তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬৫ লাখ টন সয়াবিন রফতানি হতে পারে, যা আগের বছরের তুলনায় ২৭ দশমিক ৭৮ শতাংশ কম। ২০১৯ সালে আর্জেন্টিনা থেকে ৯০ লাখ টন সয়াবিন রফতানি হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আর্জেন্টিনা থেকে সয়াবিন রফতানি ২৫ লাখ টন কমতে পারে।










