শ্রমিকদের মজুরি বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দ্রব্যমূল্যের চড়া দামের কারণে নাগরকিদের পাশে দাঁড়াতে পদক্ষেপ নেয়া হয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এবারই প্রথম শ্রমিকদের মজুরি বাড়ানো হলো। খবর নিক্কেই এশিয়া।
সর্বশেষ ২০১৮ সালে মিয়ানমারে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছিল। দীর্ঘ সময় পর এবার মজুরি বেড়েছে ২০ শতাংশের বেশি। রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সংবাদপত্রে বলা হয়েছে, অক্টোবর থেকেই সব কর্মক্ষেত্র ও কারখানায় নতুন মজুরি কার্যকর হবে।
আগে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের জন্য দৈনিক ৪ হাজার ৮০০ কিয়াট মজুরি পেতেন। এখন তা এক হাজার কিয়াট বাড়িয়ে ৫ হাজার ৮০০ কিয়াট করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে সামরিক কর্মী ও বেসামরিক কর্মচারীদের জন্য ৩০ হাজার কিয়াট মাসিক ভাতা ঘোষণা করা হয়েছিল। তখন সিদ্ধান্তটি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছিল।
দেশটি বর্তমানে চলমান মূল্যস্ফীতির কারণে বেশ চাপে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গত মাসে পূর্বাভাস দিয়েছে মূল্যস্ফীতি ১৪ শতাংশে পৌঁছাবে। দেশটির খাদ্য ও ওষুধের খরচ বেড়েছে। রান্নার তেল ও চালের মতো মৌলিক খাদ্যদ্রব্যগুলোর দাম ২০২১ সালের শুরুর তুলনায় দুই থেকে তিন গুণ বেশি।










