নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তিন দিনব্যাপী ‘দশম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে এবং এমজিএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এনএসইউ প্লাজা এরিয়ায় সম্প্রতি এ মেলার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এমএ কাশেম। এ সময় আরো বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, সদস্য রেহানা রহমান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এমএ কাশেম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ দক্ষ পেশাজীবী, উদ্ভাবক এবং দায়িত্বশীল নাগরিক চায়। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে; তাই তরুণদের চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সুযোগ কাজে লাগাতে প্রস্তুত থাকতে হবে।’

এ মেলা শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে একটি শক্ত সেতুবন্ধ তৈরি করেছে বলে দাবি করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এ মেলা শুধু চাকরি পাওয়ার নয়; বরং নিজের লক্ষ্য ও সমাজে কীভাবে অবদান রাখা যায় তা জানার সুযোগ।’

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ।’

মেলায় নতুন সুযোগ তৈরি ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে অর্থবহ আলোচনা হয়েছে বলে জানান ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ নিয়েছে। আমার দৃষ্টিতে এটাই এ মেলার সবচেয়ে বড় সাফল্য।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক ড. ফারজানা নাহিদ।