বছরের শুরুতে ফোর্ডের গাড়ি বিক্রি কিছুটা বেড়েছে। গত মাসে হাইব্রিড যানবাহনের ক্ষেত্রে বড় উল্লম্ফন দেখেছে কোম্পানিটি। তবে বৈদ্যুতিক গাড়ি ও ট্রাকের বিক্রি কমেছে ১১ শতাংশ। খবর সিএনবিসি।

ডেট্রয়েটভিত্তিক এ অটোমেকার জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারির তুলনায় গত মাসে বিক্রি বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। এ সময়ে হাইব্রিড গাড়ির বিক্রি বেড়েছে ৪৩ শতাংশ। এছাড়া প্রচলিত ধাঁচের যানবাহনে বিক্রি বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। সব মিলিয়ে জানুয়ারিতে ১ লাখ ৫২ হাজার ৬১৭ ইউনিট বিক্রি করেছে। 

ফোর্ড জানায়, হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ার কারণে এ খাতে উৎপাদন বাড়াচ্ছে। অন্যদিকে ভোক্তারা বৈদ্যুতিক যান এফ-১৫০ লাইটনিং পিকআপ ও ম্যাসটাং ম্যাক-ই ক্রসওভার প্রত্যাশার তুলনায় ধীরে গ্রহণ করেছে।

বছরের শুরুতে ম্যাক-ই বিক্রি ৫১ শতাংশ কমেছে, একই সময়ে এফ-১৫০ লাইটনিংয়ের বিক্রি এক শতাংশেরও কম কমেছে। ফোর্ড তার ই-ট্রানজিট বৈদ্যুতিক ভ্যানের উৎপাদন বাড়াচ্ছে। গত বছরের জানুয়ারিতে ই-ট্রানজিট ভ্যান বিক্রি হয় ৪০০-এর কম, আর গত মাসে এ সংখ্যা ছিল ১ হাজার ১০০ ইউনিট।

হাইব্রিডের ওপর ফোকাস থাকা সত্ত্বেও গত মাসে ফোর্ডের বিক্রয়ের ৯০ শতাংশ ছিল প্রচলিত ধাঁচের গাড়ি ও ট্রাক। হাইব্রিডের মধ্যে ম্যাভেরিক পিকআপ ছিল বিক্রির শীর্ষে, ৭ দশমিক ৩ শতাংশ। ইভি বিক্রি হয়েছে পাঁচ হাজারের কম, যা মোট বিক্রির ৩ শতাংশ। 

ফোর্ডের লাভজনক এফ-সিরিজ পিকআপের বিক্রি কমেছে গত মাসে। প্রায় ১২ শতাংশ কমে ৪৮ হাজার ৭০০ ইউনিটে দাঁড়িয়েছে।