উন্নত প্রযুক্তি ও সুযোগ-সুবিধাসহ জীবনকে আরো নিরাপদ ও আরামদায়ক করতে জাপানি রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন কোম্পানি জেপি বিল্ডিং বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে রয়্যাল জেপি সিরিজের লিফট বা এলিভেটর।  সম্প্রতি গুলশানের ক্রাউন প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে লিফটটি উন্মোচন করা হয়।

জেপি বিল্ড কোম্পানি লিমিটেড জাপানের একটি নির্মাণ কোম্পানি। ২০২৩ সালের মে মাসে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশে লিফট ব্যবসা শুরু করে এ প্রতিষ্ঠানটি। জেপি বিল্ড কোম্পানি লিমিটেড ২০১৮ সালে জাপানে রিয়েল এস্টেট এবং নির্মাণ ব্যবসা শুরু করে।

রয়েল জেপি লিফটটি প্রতিষ্ঠানটির সর্বশেষ আধুনিক সংযোজন। উন্নত ভবন তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিফট বা এলিভেটর। সেখানেই সমাধান নিয়ে এসেছে জেপি বিল্ড বিডি। আকাশচুম্বী ভবনগুলোয় আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা সুবিধাসহ জাপানের বিখ্যাত নিপ্পন ব্র্যান্ডের এলিভেটর বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি। অত্যাধুনিক এবং রুচিশীল এ এলিভেটর এখন থেকেই বাজারে পাওয়া যাবে।

জেপি এশিয়া গ্রুপ কোং লিমিটেডের চেয়ারম্যান আকিও ইয়ামামোতো বলেন, আমাদের লক্ষ্য আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা। বাংলাদেশে আমাদের পরিকল্পনা, জাপানি প্রযুক্তির মাধ্যমে সেকেন্ডে দুই মিটার যেতে সক্ষম অতি দ্রুতগামী লিফট তৈরি করা, যা উল্লম্ব পরিবহনের অভিজ্ঞতা পরিবর্তন করবে। 

তিনি বলেন, আমরা নির্মাণ শিল্পের নতুন দ্বার উন্মোচন করতে রয়্যাল জেপি তৈরি করছি এবং বাসস্থানের অভাবের সমাধানের জন্য আরো উঁচু ভবন তৈরি করতে উত্সাহিত করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব কারাতে চ্যাম্পিয়ন (অলিম্পিক স্বর্ণপদক) আয়ুমি উয়েকুসা, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ইউএমসিএইচ চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীসহ অনেকে।