দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক আর্থসামাজিক উন্নয়নকে সহযোগিতা করার লক্ষ্যে একটি ইমপ্যাক্ট ফান্ড গঠনের ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ)। বাংলাদেশ ইমপ্যাক্ট ফান্ড-দক্ষিণ নামে এ ফান্ডের আকার হবে ২০০ কোটি টাকা। সম্প্রতি খুলনা চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন এএএমসিএমএফ প্রেসিডেন্ট ড. হাসান ইমাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। এ সময় খুলনা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী আমিনুল হকসহ খুলনা অঞ্চলের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধন দক্ষিণাঞ্চলের জন্য একটি বিশাল মাইলফলক। এ সেতু দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাড়িয়েছে তা-ই শুধু নয়, ব্যাপক বাণিজ্য সমপ্রসারণের সুযোগও তৈরি করেছে। সরকার খুলনা, গোপালগঞ্জসহ অন্যান্য জেলায় স্বাস্থ্যসেবা, কৃষি ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এ কর্মকাণ্ডের সঙ্গে ব্যবসায়ীদের নিজ নিজ প্রক্রিয়ায় সর্বসাধারণের সেবায় এগিয়ে আসতে হবে। পুঁজিবাজার দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এ উন্নয়নের অংশীদার হতে পারে।’
এএএমসিএমএফ প্রেসিডেন্ট ড. হাসান ইমাম অনুষ্ঠানে বাংলাদেশ ইমপ্যাক্ট ফান্ড-দক্ষিণ গঠনের ঘোষণা দিয়ে বলেন, ফান্ডটি আঞ্চলিক খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সবুজায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক কার্যক্রমের ডিজিটালাইজেশন অর্থায়নে ভূমিকা রাখবে। তহবিলটি ২০২৩ সালে প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে কাজ করবে এবং আগামীতে সাফল্যের সঙ্গে আরো সমপ্রসারিত হবে। দক্ষিণাঞ্চলের পর স্থানীয় চেম্বার অব কমার্স, ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলেও একই ধরনের ‘ইমপ্যাক্ট ফান্ড’ গঠনের উদ্যোগ নেয়া হবে।










