টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের জন্য ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড এবং আকিজ এগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে।
গতকাল (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক আয়োজনের মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবেশ, সামাজিক দায়িত্ব ও সুশাসনের ক্ষেত্রে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিকে স্বীকৃতি দেয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রযুক্তিনির্ভর ইএসজি সমাধান ও টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য ‘ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ’ বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড।
অন্যদিকে ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে দায়িত্বশীল অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ‘সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারিত্বে উৎকর্ষ’ বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড।
এ বিষয়ে আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন জানান, এ স্বীকৃতি তাদের জন্য আনন্দের ও দায়িত্বের। ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে সম্পৃক্ত করে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই মান তৈরি করাই তাদের লক্ষ্য। এ স্বীকৃতি ভবিষ্যতে আরো কার্যকর উদ্যোগ নিতে উৎসাহিত করবে।
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম হাবিব উল্লাহ ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আক্তারুল আলম শাহ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন এবং সিনিয়র অফিসার মো. ইবতেহাজ ইফরিত উপস্থিত ছিলেন।
এ দ্বৈত স্বীকৃতি আকিজ রিসোর্সের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দায়িত্বশীল সরবরাহব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পূরণের একটি গুরুত্বপূর্ণ অর্জন।
—বিজ্ঞপ্তি










