আগামী বছরের শেষ নাগাদ বড় পরিসরে সাইবারট্রাক উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে টেসলা। প্রাথমিক লক্ষ্যের দুই বছর পর দীর্ঘ প্রতীক্ষিত পিকআপ ট্রাকটির উৎপাদন শুরু হবে। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা সংস্থাটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক ২০১৯ সালে ট্রাকটি উন্মোচন করেছিলেন। পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

গত মাসে টেসলা জানিয়েছিল, ২০২৩ সালের মাঝামাঝি থেকে প্রাথমিক উৎপাদন শুরু করার জন্য টেক্সাসের অস্টিনের কারখানা প্রস্তুতের কাজ চলছে। ইলোন মাস্ক একটি সম্মেলনে বলেন, আমরা সাইবারট্রাক উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে আছি।

সব মিলিয়ে ১০০ ডলার দিয়ে রিজার্ভ করা সম্ভাব্য সাইবারট্রাক ক্রেতাদের আরো এক বছর অপেক্ষা করতে হবে। সংস্থাটি সাইবারট্রাকের চূড়ান্ত মূল্যও ঘোষণা করেনি। ২০১৯ সালে মার্কিন সংস্থাটি সাইবারট্রাকের মূল্য ৪০ হাজার ডলারের নিচে হবে বলে আশা প্রকাশ করেছিল। কিন্তু তারপর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সব গাড়ির দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।