চলমান সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলে কার্যক্রম ব্যাহত হয়েছে বৈশ্বিক কোম্পানিগুলোর। কোনো কোনো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। কোনো প্রতিষ্ঠান আবার কর্মীদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। এ সংঘাতের কারণে প্রভাবিত হয়েছে জ্বালানি তেল থেকে শুরু করে খুচরা ব্যবসা পর্যন্ত। খবর রয়টার্স।

বেশকিছু এশীয়, ইউরোপীয় ও আমেরিকান এয়ারলাইনস সংঘাতকে কেন্দ্র করে তেল আবিবের সরাসরি ফ্লাইট বাতিল করেছে। ডেলটা এয়ার, রয়্যাল ক্যারিবিয়ান ও কার্নিভাল সাময়িক সময়ের জন্য দেশটিতে ফ্লাইট স্থগিত রেখেছে। অন্যদিকে, জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরন কার্যক্রম বন্ধ করেছে দেশটির উত্তর উপকূলে তামার প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে। 

ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করা আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান ও গোল্ডম্যান স্যাকস কর্মীদের বাসায় থেকে কাজের নির্দেশনা দিয়েছে। ব্যাংক অব আমেরিকা ও মরগান স্ট্যানলি সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে কার্যক্রম। বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া আগামী সপ্তাহে হওয়া সম্মেলন সংঘাতের কারণে স্থগিত করেছে।

খুচরা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম এবং ইন্ডিটেক্স এসএ তাদের স্টোরগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে। ইন্ডিটেক্সের ৮৪টি স্টোর রয়েছে ইসরায়েলে। পরিবর্তিত পরিস্থিতিতে বন্ধের তালিকা থেকে বাদ যায়নি ফার্মা প্রতিষ্ঠানের নামও। এলি লিলি অ্যান্ড কোম্পানি সেভাবে বন্ধ করেনি কার্যক্রম। তবে তারা জানিয়ে দিয়েছে, ইসরায়েলের পরিস্থিতি সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে প্রস্তুত।