কলম্বিয়ার দুটি গুরুত্বপূর্ণ উড়োজাহাজ সংস্থা এভিয়ানকা ও ভিভা একীভূত হতে যাচ্ছে। একত্র হলেও পৃথক ব্র্যান্ডিং ও কৌশল অবলম্বন করবে উড়োজাহাজ সংস্থা দুটি। খবর রয়টার্স।
কভিড-১৯ মহামারীর কারণে সব চেয়ে বেশি ক্ষতির শিকার হয় উড়োজাহাজ সংস্থাগুলো। নভেল করোনাভাইরাসের সংক্রমণপ্রবাহ কিছুটা স্তিমিত হওয়ায় ব্যবসা পুনরুদ্ধারে নেমেছে প্রতিষ্ঠানগুলো। এমন সময় একত্রীকরণের মাধ্যমে আরো লাভের প্রত্যাশা করছে এভিয়ানকা ও ভিভা।
এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে এভিয়ানকা ও ভিভা। বিবৃতিতে বলা হয়, উভয় উড়োজাহাজ সংস্থারই অধিকাংশ শেয়ারহোল্ডার ভিভাকে এভিয়ানকা গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের (এভিয়ানকা গ্রুপ) অংশ হওয়ার ঘোষণা দিয়েছে। ভিভার প্রতিষ্ঠাতা সদস্য ডিক্লান রায়ান নতুন গ্রুপটিতে যুক্ত হবেন। উড়োজাহাজ পরিবহন খাতের নিজস্ব দক্ষতা তিনি এভিয়ানকা গ্রুপে প্রয়োগ করবেন। এদিকে একীভূত হলেও দুটি উড়োজাহাজ সংস্থার ব্র্যান্ডিং ও কৌশল পৃথক থাকার ঘোষণা দিয়েছে এভিয়ানকা ও ভিভা।










