গত দুই বছরে বেশ চাঙ্গা ভাবের মধ্য দিয়ে গেলেও সম্প্রতি লিথিয়ামের চাহিদা কমেছে। মূলত চীনের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বাজারে শ্লথগতি এতে গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করেছে।

ব্লুমবার্গের বরাতে ফাইন্যান্সিয়াল পোস্ট জানায়, চীনের বাজারে এ নিয়ে টানা দুই সপ্তাহে লিথিয়ামের দাম কমেছে। এছাড়া শেয়ারবাজারে লিথিয়াম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে পতন হয়েছে। বিভিন্ন প্রাক্কলনে বলা হচ্ছে, সামনের মাসগুলোয় ইভি বিক্রি কমতে পারে। এতে ইভি নির্মাণের কাঁচামালের দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত অক্টোবরে নতুন ইভির নিবন্ধন পূর্ববর্তী মাসের তুলনায় এক-পঞ্চমাংশ কমেছে।

এশিয়ান মেটাল ইনকরপোরেশনের উপাত্তে দেখা গেছে, এক বছরে চীনে লিথিয়ামের দাম তিন গুণ বেড়েছিল। কিন্তু স্বল্পমেয়াদে লিথিয়ামের দামে বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন না মরগ্যান স্ট্যানলির বিশ্লেষকরা।

দ্রুত সম্প্রসারণের জন্য গত এক দশকে ইভিতে চীন সরকার যে ভর্তুকি দিচ্ছিল ২০২২ শেষে তা বন্ধ হচ্ছে। যদিও গুঞ্জন রয়েছে তার মেয়াদ বাড়াতে পারে কিন্তু এরই মধ্যে ইভি নির্মাতারা আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। চীনের ইভি নির্মাতা জায়ান্ট বিওয়াডি কিছু গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে তারা সরকারি ভর্তুকি হ্রাস ও অস্থিতিশীল উৎপাদন ব্যয়ের কথা বলছেন।