সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত সব শেয়ারহোল্ডারকে (আইসিবি বাদে) এ লভ্যাংশ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৬৩ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত সব শেয়ারহোল্ডারকে (আইসিবি বাদে) ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস। ২০১৯-২০ হিসাব বছরের জন্যও উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত সব শেয়ারহোল্ডারকে (আইসিবি বাদে) ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডাররা ৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। এছাড়া আলোচ্য হিসাব বছরে সব ধরনের শেয়ারহোল্ডারকে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫০ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৯ পয়সায়।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মার অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩৬ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯৬ কোটি ২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৬৫ লাখ।










