সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। এনআরবিসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদারসহ বিভিন্ন বিভাগের প্রধান ও আঞ্চলিক প্রধানরা উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান জানান, ‘খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬’ ব্যাংকের ঋণের গুণগতমান বৃদ্ধির একটি কৌশলগত উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে খেলাপি ঋণ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। প্রধান কার্যালয়, শাখা ও উপশাখা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিতভাবে ঋণ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

ব্যাংক আরো জানায়, কর্মসূচির আওতায় খেলাপি ঋণ আদায়ের গতি বাড়ানোর পাশাপাশি ঋণের গুণগতমান উন্নয়ন ও ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।