চা সিন্ডিকেটের বিষয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ বলেছেন, ‘যারা সিন্ডিকেট করছে, তারা সংখ্যায় কম হলেও তাদের অর্থের ক্ষমতা বেশি।’ তিনি বলেন, ‘জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে পারে, তাহলে এ সমস্যার সমাধান হতে পারে।’ গত বৃহস্পতিবার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এনজিওর আয়োজনে তেঁতুলিয়া উপজেলায় একটি মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পঞ্চগড়ের বিভিন্ন পর্যায়ের চাষী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসিমউদ্দিন এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান উপস্থিত ছিলেন।
সভায় পঞ্চগড়ের বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষরা তাদের মতামত তুলে ধরেন। ড. খলীকুজ্জমান আহমদ সবার উদ্যোগ ও সমস্যাগুলো শুনে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে ইএসডিওর মাধ্যমে উত্তরের এ কৃষিনির্ভর জেলায় পিকেএসএফের বিনিয়োগ বাড়ানোর কথাও জানানো হয়।
ড. খলীকুজ্জমান আহমদ বলেন, আসলে সব সমস্যার সমাধান পিকেএসএফ করতে পারবে না। সেটা সম্ভব নয়। আমি এসেছি সরাসরি উদ্যোক্তাদের কথা শুনতে। তাদের এগিয়ে যাওয়া দেখতে। পঞ্চগড়ের নারী-পুরুষ উদ্যোক্তাগুলো যাতে এগিয়ে যাওয়ার পথে কী কী সমস্যা হচ্ছে সে বিষয়ে জানতে। চা সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, ‘আসলে এটি সরকারের করণীয়। এছাড়া জনগণ যদি জেগে ওঠে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে।’










