ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব (ডিইউএমএআরসি) বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘স্কিনক্যাফে প্রেজেন্টস স্কিল ফ্যাক্টরি সিজন ০৮’ শীর্ষক ফ্ল্যাগশিপ বিজনেস কেইস কম্পিটিশনের আয়োজন করতে যাচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা ও করপোরেট প্রস্তুতির সুযোগ করে দেয়া হবে।

সাতটি সফল পর্বের অভিজ্ঞতা নিয়ে স্কিল ফ্যাক্টরি সিজন ০৮-এ আরো বেশি প্রায়োগিক, কেসভিত্তিক ও ফলাফল কেন্দ্রিকভাবে পরিচালিত হবে। স্কিনক্যাফের স্পন্সরশিপে আয়োজিত প্রোগ্রামটি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ব্যবসায়িক চিন্তাধারা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে।

স্কিল ফ্যাক্টরি সিজন ০৮-এ মোট চারটি ইন্টার-অ্যাকটিভ অধিবেশন অনুষ্ঠিত হবে, যা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই পরিচালিত হবে। অধিবেশনগুলো অংশগ্রহণকারীদের কেস বিশ্লেষণ, মার্কেটিং দৃষ্টিকোণ ও কৌশলগত চিন্তাশীলতায় দক্ষ করে তুলবে।

অধিবেশন ১ (কেইস ক্রেকিং)-এ থাকছে বাস্তব ব্যবসায়িক কেস বিশ্লেষণ, সমস্যা শনাক্তকরণ ও কার্যকর সমাধান তৈরির কৌশল। অধিবেশন ২ (৩৬০ ডিগ্রি মার্কেটিং)-এ আধুনিক মার্কেটিংয়ের সমন্বিত দৃষ্টিভঙ্গি, কনজিউমার ইনসাইট ও ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এছাড়া অধিবেশন ৩ ও ৪ শিগগিরই প্রকাশ করা হবে।

অধিবেশন শেষে অংশগ্রহণকারীদের টিমভিত্তিক বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ব্র্যান্ডভিত্তিক কেস দেয়া হবে, যা প্রতিযোগিতা পর্বের ভিত্তি হিসেবে কাজ করবে। প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে—অনলাইন নির্বাচনী রাউন্ড, বিশেষজ্ঞ মূল্যায়িত অনলাইন ভিডিও কেস (ওভিসি) ও লাইভ চূড়ান্ত কেস উপস্থাপনা। এখানে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হবে তাদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা, কৌশলগত চিন্তাভাবনা ও প্রেজেন্টেশন দক্ষতার ওপর। প্রোগ্রামটির মোট প্রাইজ পুল ৩৫ হাজার টাকা, যা সেরা টিমগুলোর মধ্যে দেয়া হবে। —বিজ্ঞপ্তি