জাপানে টানা চতুর্থ মাসের মতো বাণিজ্য ঘাটতি রেকর্ড করা হয়েছে। রফতানি বাড়লেও আমদানির হার বেশি থাকায় দেশটির বাণিজ্য ব্যবধান বেড়ে চলছে। জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে দেশটির মোট রফতানি আয় ছিল ১০ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ হাজার ৪৭০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ১৯ দশমিক ৩ শতাংশ বেশি।
আগস্টে আমদানির পরিমাণ ছিল ১১ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন, যা গত বছরের চেয়ে ২৮ শতাংশ বেশি। ফলে মাসটিতে মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন। বিশ্ববাজারে খনিজ তেলের চড়া দাম ও ডলারের বিপরীতে ইয়েনের মান কমে যাওয়া এ ঘাটতির প্রধান কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে চিপ ও তথ্যপ্রযুক্তি খাতের বিশ্বব্যাপী চাহিদার কারণে জাপানের সেমিকন্ডাক্টর সম্পর্কিত পণ্যের রফতানি ৫২ দশমিক ৩ শতাংশ ও যন্ত্রপাতির রফতানি ৪০ দশমিক ১ শতাংশ বেড়েছে। খবর নিক্কেই এশিয়া










