ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ চিনি রফতানিকারক দেশ। এ মুহূর্তে দেশটির রফতানিকারকরা ১০ লাখ টন চিনি রফতানির জন্য প্রস্তুত রেখেছেন। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের (আইএসএমএ) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা মহামারীর মধ্যে আখ ও চিনি উৎপাদন নিয়ে চরম সংকটে রয়েছে ব্রাজিল, থাইল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে চিনির দাম লাফিয়ে বাড়ছে। এ মুহূর্তে ক্রেতারা ভারতমুখী হয়েছেন। মূল্যবৃদ্ধির লাগাম টানতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চিনির প্রয়োজন দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে ভারতীয় রফতানিকারকরা ১০ লাখ টন চিনি রফতানির প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে বিবৃতিতে জানিয়েছে আইএসএমএ। ২০২০-২১ মৌসুমে সব মিলিয়ে ৬০ লাখ টন চিনি রফতানির লক্ষ্য এগিয়ে নিচ্ছে ভারত। এর মধ্য থেকেই জরুরি ভিত্তিতে ১০ লাখ টন চিনি রফতানির প্রস্তুতি নেয়া হয়েছে। মার্চ-এপ্রিলের আগে ব্রাজিলের চিনি বাজারে আসবে না। তার আগেই আন্তর্জাতিক বাজারে চিনি রফতানির সুযোগ কাজে লাগাতে চান ভারতীয় রফতানিকারকরা।