আব্দুল মোনেম ইকোনমিক জোনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের গ্যাস সংযোগ স্থাপনের কাজ পুনরায় শুরু করেছে। গতকাল দীর্ঘ প্রায় পাঁচ বছর পর এ কাজ শুরু হয়।
আব্দুল মোনেম ইকোনমিক জোনে গ্যাস সংযোগের অভাবে মোটরসাইকেল এসেম্বলিংয়ে অতিরিক্ত ব্যয় হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল হোন্ডা বাংলাদেশ লিমিটেড। ২০১৫ সালে সরকারি লাইসেন্স পায় জাপানি মোটরসাইকেল এসেম্বলিং কোম্পানি হোন্ডা বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি ২০১৮ সাল থেকে আব্দুল মোনেম ইকোনমিক জোনে মোটরসাইকেল এসেম্বলিং করে আসছে। তিতাস গ্যাসের সরাসরি সংযোগ না থাকায় বাইরে থেকে সিলিন্ডারে গ্যাস এনে কোম্পানিটিকে এসেম্বলিং করতে হচ্ছে। এতে কাজের গুণগত মান বজায় রাখা যেমন কষ্টকর হচ্ছে, তেমনি ব্যয়ও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮ সালে ৮ কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ লাইন স্থাপন করা হলে টেস্টিংয়ের সময় তাতে ত্রুটি দেখা যায়। এর পর লম্বা সময় ধরে সংযোগ বন্ধ ছিল। সম্প্রতি সেখানে পুনরায় গ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে তিতাস গ্যাস। আট কিলোমিটার গ্যাস সংযোগের কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে আব্দুল মোনেম ইকোনমিক জোনে দ্রুত বেশ কিছু বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের শিল্প-কারখানা গড়ে তুলে দেশের শিল্পায়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। —বিজ্ঞপ্তি










