খনি থেকে তামা, স্বর্ণ ও দস্তা উত্তোলন বাড়িয়েছে পেরু। গত অক্টোবরে দেশটির খনিজ উত্তোলন ২০২২ সালের একই মাসের তুলনায় বেড়েছে ৩ দশমিক ১৪ শতাংশ। খবর মাইনিংডটকম।
পেরু বিশ্বের দ্বিতীয় শীর্ষ তামা রফতানিকারক। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট আইএনইআই জানিয়েছে, অক্টোবরে পেরুতে তামা উত্তোলনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। একই সময়ে স্বর্ণ ও দস্তা উত্তোলনের পরিমাণ বেড়েছে যথাক্রমে ১০ শতাংশ ও ১০ দশমিক ৪ শতাংশ।
চলতি বছরের শুরুর দিকে পেরুতে রাস্তা বন্ধ করে সরকারবিরোধী বিক্ষোভ চলায় খনিজ উত্তোলন স্থবির হয়ে পড়ে। বর্তমানে খনিজ উত্তোলন কার্যক্রম ক্রমান্বয়ে পুনরুদ্ধার অব্যাহত।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আমেরিকার দেশটি মন্দার মুখে পড়ে ছিল। সম্প্রতি পেরুর অর্থনীতি মন্ত্রী অ্যালেক্স কনট্রেরাস জানিয়েছেন, খনিজ উত্তোলনে প্রবৃদ্ধি না থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। এদিকে তামা, স্বর্ণ ও দস্তা উত্তোলন বৃদ্ধি পেলেও লোহা ও মলিবডেনাম উত্তোলন হ্রাস পেয়েছে বলে জানিয়েছে আইএনইআই। অক্টোবরে লোহা উত্তোলন ১০ দশমিক ৯ শতাংশ ও মলিবডেনাম উত্তোলন ৩ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। তবে সরকারি প্রতিবেদনে কোনো ধাতুরই উত্তোলনের পরিমাণ সম্পর্কে উল্লেখ করা হয়নি।
রাজনৈতিক সংঘাত পেরুর অর্থনীতিকে প্রভাবিত করছে। মন্দার পর দেশকে আবার শক্তিশালী প্রবৃদ্ধিতে ফিরিয়ে আনতে আরো স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।










