চলতি বছরের জুলাইয়ে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আগের মাসের তুলনায় ১ দশমিক ৮৫ শতাংশ কমিয়ে এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির মিনিস্ট্রি অব অয়েল অ্যান্ড গ্যাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ওমান।
বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে ওমানের নিজস্ব কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৬ লাখ ৭১ হাজার ২৭৫ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৮৫ শতাংশ কম।
এদিকে চলতি বছরের জুলাইয়ে উত্তোলন কমার পাশাপাশি ওমান থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের রফতানিও কমে এসেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, জুলাইয়ে ওমান ব্লেন্ড ক্রুড অয়েল রফতানি হয়েছে প্রতিদিন গড়ে ৭ লাখ ৭৮ হাজার ১২ ব্যারেল, যা আগের মাসের তুলনায় দৈনিক ১৩ দশমিক ৫ শতাংশ কম।
এ সময় আগের মজুদ থেকে জ্বালানি পণ্যটি রফতানি করেছে ওমান। দেশটি থেকে চীন ও ভারতে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। গত মাসে দুবাই মার্কেন্টাইল এক্সচেঞ্জে ওমানের জ্বালানি তেলের গড় দাম আগের মাসের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে।










