কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধাসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে আরো পাঁচ মাস সময় দিল বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা বাস্তবায়নের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) ও তফসিলি ব্যাংকগুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়ন করতে না পারলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্ড ব্যবহার করে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ করার সুযোগ বন্ধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, গত ১৯ মে জারি করা পিএসডি-১ সার্কুলার নং-০৩/২০২৬-এর ক্রমিক নং-২ ও ৩-এ উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন সম্ভব না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সময় দেয়া হলো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বর্ধিত সময়সীমার মধ্যে কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধাসংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হলে ২০২৭ সালের শুরু থেকে এ সুবিধা বন্ধ করে দিতে হবে।
বর্তমানে ব্যাংক কার্ড ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্টে অর্থ যোগ করার সুযোগ রয়েছে। তবে এ ধরনের লেনদেনে নিরাপত্তা, গ্রাহক পরিচিতি যাচাই এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নতুন কিছু নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত অবকাঠামো এবং কার্যপ্রণালীর সঙ্গে এসব নির্দেশনা সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ১৯ মে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারায় দেয়া ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।










