নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চালু হওয়া লকডাউনের ধাক্কা লেগেছে আসামের চা উৎপাদনে। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এ রাজ্যে পানীয় পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কমে যেতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস লাইন।

টি বোর্ড অব ইন্ডিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান ও নর্থ ইস্টার্ন টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিদ্যানন্দ বারকাকোটি বলেন, আসামে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। ভারতে উৎপাদিত চায়ের প্রায় অর্ধেক এ রাজ্য একাই জোগান দেয়। তবে লকডাউনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারেনি আসামের চা বাগানগুলোও। শুরুর দিকে উৎপাদন ও বিপণন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। এর জের ধরে চলতি বছরের প্রথম ছয় মাসে আসামে চা উৎপাদন ৪৫ শতাংশ বা ১২ কোটি কেজি কমতে পারে।

গত বছর ভারতে ৪ শতাংশ বেড়ে রেকর্ড ১৩৮ কোটি ৯৭ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল। এর মধ্যে আসামে উৎপাদন হয়েছিল ৭১ কোটি ৬০ লাখ কেজি চা।