চীন অস্ট্রেলিয়া থেকে গত মাসে কয়লা আমদানি ৭৫ শতাংশ বাড়িয়েছে। মূলত উচ্চমানের তাপীয় কয়লার চাহিদা বেশি থাকায় দেশটি থেকে আমদানি এতটা বৃদ্ধি পায়। চীনের শুল্ক বিভাগ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের কয়লা আমদানির অন্যতম প্রধান উৎস ছিল অস্ট্রেলিয়া। তিন বছর আগে কূটনৈতিক সম্পর্কে ফাটল দেখা দিলে দেশটি থেকে কয়লা আমদানি বন্ধ করে দেয় চীন। এ সময় রাশিয়াসহ অন্যান্য উৎস থেকে আমদানি বাড়ানো হয়। পাশাপাশি দেশীয় উত্তোলন বাড়াতেও জোর দেয় সরকার। তবে এসব উৎস থেকে আসা বেশির ভাগ কয়লাই ছিল নিম্নমানের।  

এ বছর দুই দেশের মধ্যে বৈরিতায় বরফ গলতে শুরু করলে ফের উন্মুক্ত হয় দ্বিপক্ষীয় কয়লা বাণিজ্যের পথ। চীন সরকার দেশটির সব কোম্পানিকে অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির অনুমতি দেয়। 

এদিকে চীনে কয়লা উত্তোলনও বাড়ছে রেকর্ড মাত্রায়। এর পরও অস্ট্রেলিয়া থেকে আমদানি বাড়ার মূল কারণ বিদ্যুতের ঊর্ধ্বমুখী চাহিদা। গত বছর দেশটি ৪৪৯ কোটি ৬০ লাখ টন কয়লা উত্তোলন করেছিল, এর আগের বছরের তুলনায় যা ৯ শতাংশ বেশি।