পেরু বিশ্বের দ্বিতীয় শীর্ষ তামা উত্তোলক দেশ। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটির তামা উত্তোলন ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে গত জুনে উত্তোলনে প্রবৃদ্ধির হার ছিল লক্ষণীয়। মূলত দেশটির বড় তামা খনি লাস বাম্বাসে আদিবাসী সম্প্রদায়গুলোর দীর্ঘ বিক্ষোভ স্থগিত হওয়ায় উত্তোলনে গতি ফিরে আসে। বার্ত সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পেরুর খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, জানুয়ারি-জুন পর্যন্ত ছয় মাসে দেশটিতে ১০ লাখ ৯০ হাজার টন তামা উত্তোলন হয়েছে। অন্যদিকে জুনে উত্তোলন হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৬৭ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেশি।










