আব্দুল মোনেম ইকোনমিক জোনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের গ্যাস সংযোগ লাইনের কাজ পুনরায় শুরু করেছে। শনিবার ( ৪ নভেম্বর) দীর্ঘ প্রায় পাঁচ বছর প্রতীক্ষার পর এ কাজ শুরু হয়েছে।
আব্দুল মোনেম ইকোনমিক জোনে গ্যাস সংযোগের অভাবে হোন্ডা বাংলাদেশ লিমিটেড দীর্ঘদিন ধরে তাদের মোটরসাইকেল এসেম্বলিং কাজে অত্যধিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করে আসছে। ২০১৫ সালে সরকারি লাইসেন্স প্রাপ্তির পর বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে জাপানি মোটরসাইকেল এসেম্বলিং কোম্পানি হোন্ডা বাংলাদেশ লিমিটেড আব্দুল মোনেম ইকোনমিক জোনে ২০১৮ সাল হতে মোটরসাইকেল এসেম্বলিং করে আসছে।তিতাস গ্যাসের সরাসরি সংযোগ না থাকায় হোন্ডা বাংলাদেশ লিমিটেড বাইরে থেকে সিলিন্ডারে গ্যাস এনে তাদের এসেম্বলিং কাজ সম্পাদন করছে। এতে কাজের গুণগত মান বজায় রাখা যেমন কষ্টকর হচ্ছে তেমনি ব্যয়ও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ সালে ৮ কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ লাইনস্থাপন করা হলে টেস্টিং এর সময় তাতে ত্রুটি দেখা যায়। আব্দুল মোনেম ইকোনমিক জোন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহযোগিতায় পুনরায় গ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে আমেরিকান অপর একটি কোম্পানি হান্সম্যান তাদের অবকাঠামো উন্নয়নের কাজ করছে। অবিলম্বে তারাও গ্যাস সংযোগ ব্যবহার করে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আরো বেশ কিছু বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এ ইকোনমিক জোনে তাদের বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখিত ৮ কিলোমিটার গ্যাস সংযোগের কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে আব্দুল মোনেম ইকোনমিক জোনে দ্রুত বেশ কিছু বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের শিল্পকারখানা গড়ে তুলে দেশের শিল্পায়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।- বিজ্ঞপ্তি










