সর্বশেষ সমাপ্ত হিসাব
বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স
কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির
১৭৬তম পর্ষদ সভা থেকে এ লভ্যাংশের সুপারিশ করা হয়। পাশাপাশি সভায় সমাপ্ত হিসাব বছরের
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ। মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে
এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি।
৩১ ডিসেম্বর সমাপ্ত
২০২১ হিসাব বছরের ঘোষিত এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে
আগামী ৩০ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)
আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মে।
পিএসআইয়ের তথ্য বলছে,
সমাপ্ত হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২
পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। সেই হিসাবে ইপিএস বেড়েছে ৯
পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য
(এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা
৭৫ পয়সা।
২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ
নগদ লভ্যাংশ দিয়েছিল গ্লোবাল ইন্স্যুরেন্স। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল
১ টাকা ৫৩ পয়সা। আগের বছরে যা ছিল ৯৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে
কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৭৫ পয়সায়।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে
মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ স্টক ও বাকি ৫ শতাংশ নগদ
লভ্যাংশ। এছাড়া ২০১৮ ও ২০১৭ হিসাব বছরে ৫ শতাংশ করে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির
শেয়ারহোল্ডাররা।
সর্বশেষ রেটিং অনুযায়ী, দীর্ঘমেয়াদে কোম্পানিটির
ঋণমান ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত
আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করে ন্যাশনাল
ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।
২০০৫ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির
অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে
রয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৬৩।
এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৬৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে
৮ দশমিক ১৯ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৫৬ দশমিক ১৪ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার গ্লোবাল ইন্স্যুরেন্সের
শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল যথাক্রমে ৪৩ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন
ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৯ টাকা ৬০ পয়সা ও ৮০ টাকা ২০ পয়সা।










