ইউরোপের বাজারে গমের দাম কমে এসেছে। প্যারিসভিত্তিক ইউরোনেক্সট এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে কৃষিপণ্যটির দাম কমেছে দশমিক ৮ শতাংশ। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও ফ্রান্সে বন্দর শ্রমিকদের ধর্মঘটের কারণে গমের বেচাকেনা অনেকটাই কমে গেছে। এর প্রভাব পড়েছে কৃষিপণ্যটির দামে। খবর বিজনেস রেকর্ডার ও এগ্রিমানি।
সর্বশেষ কার্যদিবসে ইউরোনেক্সট এক্সচেঞ্জে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন গম বিক্রি হয়েছে ১৯২ দশমিক ৭৫ ইউরোতে, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৮ শতাংশ কম। দিনের শুরুতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন গমের দাম ১৯৯ দশমিক ৭৫ ইউরোতে উঠেছিল।
এদিকে জার্মানির হামবুর্গে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন গম ইউরোনেক্সট এক্সচেঞ্জের তুলনায় অতিরিক্ত ৪ দশমিক ৫ ইউরোতে বিক্রি হয়েছে।
প্যারিসের একজন ট্রেডার জানান, চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। জারি করা হয়েছে স্বাস্থ্যগত জরুরি অবস্থা। এ কারণে ইউরোপীয় গমের রফতানি বাজার আগের তুলনায় শ্লথ হয়ে পড়েছে। কমে গেছে কৃষিপণ্যটির বেচাকেনা। একই সঙ্গে পেনশন সংস্কারের দাবিতে ফ্রান্সে বন্দর শ্রমিকদের ধর্মঘট চলছে। এ কারণে পণ্যের লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে কিংবা সীমিত হয়ে পড়েছে। এসব কারণে ইউরোপের বাজারে গমের দাম কমতে শুরু করেছে।








