পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের পর্ষদ ব্যবসা সম্প্রসারণে ২৭ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। পাঁচ ধরনের পণ্য উৎপাদনে এ অর্থ বিনিয়োগ করা হবে। গতকাল এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সিদ্ধান্ত অনুসারে, ক্রস টি, মেইন টি, ওয়াল অ্যাঙ্গেল, রানার ফর অ্যালুমিনিয়াম সিলিং ও ইউপিভিসি সিলিং উৎপাদনে এ ব্যবসা সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ খাতে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৭ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে কোম্পানির আয়ে অতিরিক্ত ২৫ কোটি টাকা যোগ হবে।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাহী অ্যালুমিনিয়ামের বিক্রি হয়েছে ৭১ কোটি ২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ৫১ কোটি ৮২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৩৭ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৪৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১১ কোটি ২১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৬ দশমিক ৭৭ শতাংশ। পুনর্মূল্যায়নসহ প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ মার্চ, ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৮ পয়সায়।

অন্যদিকে ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নাহী অ্যালুমিনিয়ামের বিক্রি হয়েছে ৩৭ কোটি ২০ লাখ টাকার। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১৯ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৮২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪ কোটি ২১ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৬২ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২০ হিসাব বছরে মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৮০ পয়সা থেকে ৮০ টাকার মধ্যে ওঠানামা করেছে।