চলতি বছর চীনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ৩৮ হাজার ৫০০ কোটি থেকে ৩৯ হাজার কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। গত বছরের তুলনায় ব্যবহার ৫ দশমিক ৫ থেকে ৭ শতাংশ বাড়তে পারে। দেশটির ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের প্রাকৃতিক গ্যাস উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন ও নগরগুলোয় ঊর্ধ্বমুখী ব্যবহার দেশজুড়ে গ্যাসের চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে। বাণিজ্যিক খাতের পাশাপাশি পরিবহন ও হিটিং চাহিদা নগরগুলোয় গ্যাসের ব্যবহার বাড়াবে লক্ষণীয় মাত্রায়।
চীনে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে। ফলে এ খাতে গ্যাসের ব্যবহারও বাড়ছে। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে ক্রমবর্ধমান চাহিদাও ব্যবহার বাড়াতে সহায়তা করেছে। তবে শিল্প খাতে জ্বালানিটির ব্যবহার থাকবে মূল্যসংবেদনশীল। চলতি বছরের দ্বিতীয়ার্ধে দামের ওপর ভিত্তি করেই এটির ব্যবহার বাড়তে বা কমতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, ইউরোপের বাজারে চাহিদা ও সরবরাহের পুনঃভারসাম্যের প্রভাবে গ্যাসের বৈশ্বিক বাজার প্রভাবিত হয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেও এ ধারা বজায় থাকবে। এশিয়ার দেশগুলোয় এ সময় গ্যাসের চাহিদা স্থিতিশীলভাবে ঘুরে দাঁড়াতে পারে। এসব দেশ এরই মধ্যে নিয়মিতভাবে গ্যাসের মজুদ পরিপূর্ণ করার প্রয়াস চালাচ্ছে।
চলতি বছরের প্রথমার্ধে চীনে গ্যাসের ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৪১ কোটি ঘনফুটে। জ্বালানিটির স্থানীয় উত্তোলন ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১ কোটি ৫৫ লাখ ঘনফুটে উন্নীত হয়েছে।










