স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও স্মারক বিতরণ করা হয়। যমুনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, ‘দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।