আদমজী ইপিজেডে পাঁচ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে পোশাক কারখানা তৈরি করতে যাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড। বেপজাধীন ইপিজেডে এটি হতে যাচ্ছে গ্রুপটির নবম প্রতিষ্ঠান।

বর্তমানে প্যাসিফিক জিন্স গ্রুপের আটটি প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেডে ব্যবসা পরিচালনা করছে। প্যাসিফিক ডেনিমওয়্যার হবে চট্টগ্রাম ইপিজেডের বাইরে তাদের প্রথম শিল্প প্রতিষ্ঠান।

এ লক্ষ্যে গত ২১ ডিসেম্বর ঢাকার নির্বাহী দপ্তরে প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বেপজা। এসময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

প্যাসিফিক ডেনিমওয়্যার বার্ষিক এক কোটি ২৫ লাখ পিস লেডিস টপ, এক কোটি ২৫ লাখ পিস নারী-পুরুষের ফর্মাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ পিস ছেলে-মেয়ের ক্যাজুয়াল ড্রেস তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৭৯৭০ জন বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। - সংবাদ বিজ্ঞপ্তি