পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পূর্বঘোষিত ইসলামিক শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবসা কার্যক্রম পরিচালনায় অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ-সংক্রান্ত সংঘবিধি ও সংঘস্মারকে বাংলাদেশ ব্যাংকের সম্মতি পেয়েছে এনবিএফআইটি। কোম্পানিটি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধীনে ইসলামিক শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবসা পরিচালনা করতে চায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৩৯ পয়সা। ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৫ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি।










