আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর কমানোর বিষয়টি ছাড়া পুঁজিবাজারের জন্য দৃশ্যমান কোনো প্রণোদনা নেই। যদিও পুঁজিবাজারের অংশীজনরা বাজেটের আগে বিবেচনার জন্য বেশকিছু প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে। বাজেট প্রস্তাবে এগুলোর প্রতিফলন না থাকায় তারা হতাশা ব্যক্ত করেছেন।
প্রস্তাবিত বাজেটে করপোরেট করের বিষয়ে বলা হয়েছে, সব ধরনের প্রাপ্তি ও আয় অবশ্যই ব্যাংক স্থানান্তরের মাধ্যমে গৃহীত হতে হবে এবং ১২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ অবশ্যই ব্যাংক স্থানান্তরের মাধ্যমে সম্পাদন করতে হবে। এ শর্তে অতালিকাভুক্ত কোম্পানির করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের
বেশি শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করা হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য বিদ্যমান করহার সাড়ে ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে এ শর্ত পরিপালনে ব্যর্থ হলে সাড়ে ২২ শতাংশ হারে কর গুনতে হবে। এছাড়া ১০ শতাংশ বা তার কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরকারী তালিকাভুক্ত কোম্পানির করহার বর্তমানের মতোই সাড়ে ২২ শতাংশে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। এ শর্ত পরিপালনে ব্যর্থতায় তালিকাভুক্ত কোম্পানির করহার ২২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০২১-২২ অর্থবছরের অর্থবিলে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে ২৫ শতাংশ কর এবং করের ওপর ৫ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করা যাবে। এক বছর পর্যন্ত বিনিয়োগ করা অর্থ পুঁজিবাজারে রাখতে হবে। কেউ যদি এক বছরের মধ্যে শেয়ার বিক্রি করে বিনিয়োগ উঠিয়ে নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আরো ১০ শতাংশ হারে জরিমানা গুনতে হবে। ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। ফলে এ বছরের ৩০ জুন এ সুবিধার মেয়াদ শেষ হয়ে যাবে।
বাজেটের বিষয়ে পুঁজিবাজারের একজন শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংকার বণিক বার্তাকে বলেন, এবারের বাজেটে পুঁজিবাজারের জন্য তেমন কিছুই নেই। তার ওপর সবাই প্রত্যাশা করেছিল যে এবার সহজ শর্তে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হবে। সেটি তো হয়ইনি বরং বর্তমান যে সুযোগ রয়েছে তাও আর থাকছে। সার্বিকভাবে এবারের বাজেট নিয়ে পুঁজিবাজারের অংশীজনরা হতাশ হয়েছেন বলে জানান তিনি।










