দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে চিনি রফতানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত। আগামী অক্টোবর মৌসুম থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনটি সরকারি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সাত বছরের মধ্যে এবারই প্রথম চিনি রফতানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত।

কারণ হিসেবে প্রাকৃতিক পরিবর্তন সামনে আনছেন কর্মকর্তারা। তারা জানাচ্ছেন, এ মৌসুমে ভারতে বৃষ্টিপাত কম হওয়ায় বিগত বছরের তুলনায় আখের ফলন কম হয়েছে।

ধারণা করা হচ্ছে, ভারত রফতানি বন্ধ করলে নিউইয়র্ক ও লন্ডনসহ বিশ্ববাজারে দাম আরো বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, অতিপ্রয়োজনীয় এই রান্না উপকরণের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্য বাজারে মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে।  

নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা বলছেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে স্থানীয় বাজারের প্রয়োজনীয়তা পূরণ করা। এরপর উদবৃত্ত আখ ইথানল তৈরিতে ব্যবহার হবে।

আসন্ন মৌসুমে রফতানির জন্য পর্যাপ্ত চিনি থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

আগের মৌসুমে প্রায় এক কোটি ১১ লাখ টন চিনি রফতানি করে ভারত। আর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৌসুমে মিলগুলোকে এর অর্ধেকের সামান্য বেশি বা ৬১ লাখ টন রফতানি অনুমতি দেয়া হয়।

এর আগে ২০১৬ সালে চিনি রফতানিতে ২০ শতাংশ কর আরোপ করেছিল ভারত। যার মাধ্যমে সরবরাহ কমানোর উদ্যোগ নেয় দেশটি।