চলতি বছরের আগস্টে মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন ও সমাপনী মজুদ—দুই ক্ষেত্রেই চাঙ্গা ভাব বজায় রয়েছে। এ সময় দেশটিতে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৭ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে পণ্যটির উৎপাদনের ৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি বজায় ছিল। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও স্টার অনলাইন।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। এমপিওবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে মালয়েশিয়ায় সব মিলিয়ে ১৮ লাখ ৬২ হাজার টন অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হয়েছে। এক মাসের ব্যবধানে দেশটিতে পাম অয়েলের উৎপাদন বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ। গত জুলাইয়ে মালয়েশিয়ায় ১৮ লাখ ৭ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছিল।
আগস্টে মালয়েশিয়ায় সব মিলিয়ে ৪ লাখ ৫৯ হাজার ৫১০ টন পাম কার্নেল উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এমপিওবি, যা আগের মাসের তুলনায় ২ দশমিক ২৬ শতাংশ বেশি। জুলাইয়ে দেশটিতে মোট ৪ লাখ ৪৯ হাজার ৩৪৭ টন পাম কার্নেল উৎপাদন হয়েছিল।
এদিকে উৎপাদন খাতের পাশাপাশি চলতি বছরের আগস্টে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদও আগের তুলনায় চাঙ্গা হয়ে উঠেছে। এমপিওবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মাসে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েলের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৩০ হাজার ২৯৫ টনে, যা আগের মাসের তুলনায় ৭ দশমিক শূন্য ৯ শতাংশ বেশি। জুলাইয়ে দেশটিতে অপরিশোধিত পাম অয়েলের সমাপনী মজুদ ছিল ৮ লাখ ৬৮ হাজার ৬৬৪ টন।










