ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের নির্ধারিত পলিসির শর্তানুযায়ী গ্রাহকের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে।
পাশাপাশি হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিট সুবিধাও থাকছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি প্রসঙ্গে এনআরবি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান বলেন, ‘গ্রাহকরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা থেকে তাদের দৈনন্দিন জীবনমান উন্নত হবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এ অংশীদারত্বের ফলে মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজেদের ও পরিবারের আর্থিক সুরক্ষায় উপকার পাবেন।’
অন্যদিকে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ জানান, স্বাস্থ্যঝুঁকি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।










