তাইওয়ানে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করবে এমিরেটস। আগামী ৬ নভেম্বর দুবাই-তাইওয়ান রুটে নিয়মিত ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর খালিজ টাইমস।

বর্তমানে তাইওয়ানে সপ্তাহে চারদিন ফ্লাইট চালু রয়েছে। কভিড-১৯ মহামারীতে ভ্রমণে কোয়ারেন্টিনের বিধিনিষেধ বাতিলের পর সেখানে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এমিরেটসের ইকে৩৬৬ ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ছেড়ে যাবে এবং তাইওয়ানে পরদিন বেলা ২টা ৪৫ মিনিটে পৌঁছবে। আবার তাইওয়ান থেকে ইকে৩৬৭ ফ্লাইটটি রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে আসবে এবং দুবাইয়ে ভোর ৪টা ৩৫ মিনিটে পৌঁছবে।

প্রতিবেদনে বলা হয়, নিয়মিত ফ্লাইট চালুর মাধ্যমে তাইওয়ানের সঙ্গে দুবাইয়ের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা ও অবসর সময় কাটাতে উভয় দেশে জনসাধারণ বেশি বেশি ভ্রমণ করবে। এক্ষেত্রে শর্তসাপেক্ষে ভ্রমণকারীরা তাইওয়ানে ভিসামুক্ত ভ্রমণেরও সুবিধা পাবে। একই সঙ্গে স্থানীয় যাত্রীদের সাতদিনের নিজ নিজ স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেয়া হয়েছে।