দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আমদানি বাড়ানো হচ্ছে। পাশাপাশি এজন্য সাশ্রয়ী হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি গতকাল সচিবালয়ে তার প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
এদিন অর্থ মন্ত্রণালয়ে এসে পৌঁছলে নতুন অর্থ প্রতিমন্ত্রীকে বরণ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে। দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।’
দায়িত্ব নেয়ার পর কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হবে জানতে চাইলে নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘আমি আজকে প্রথম মন্ত্রণালয়ে এসেছি। অর্থমন্ত্রী আমাকে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আমার অগ্রাধিকার কী হবে, সেজন্য আমাকে আগে মন্ত্রণালয়ের অগ্রাধিকারগুলো কী সেটি দেখতে হবে। সেটি না জেনে আমি আমার অগ্রাধিকার আপনাদের বলতে পারব না। অবশ্যই অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রেখে সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে চলাই হচ্ছে আসল অগ্রাধিকার। আমার ব্যক্তিগত অগ্রাধিকার হবে দুর্নীতিমুক্ত রেখে, বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে, প্রধানমন্ত্রীর রূপান্তরকারী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়া। ২০০৮ সালের বাংলাদেশ আর ২০২৪ সালের বাংলাদেশ এক নয়। বর্তমান অবস্থায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল।’










