গত ডিসেম্বরে দোকানে কেনাকাটায় রেকর্ড পতনের পাশাপাশি পুরো বছরেই বিকিকিনিতে মন্দা ভাব ছিল। চার দশকের রেকর্ড মূল্যস্ফীতি ও অনিশ্চিত পরিস্থিতি বিবেচনায় ভোক্তা ব্যয় হ্রাসের ফলে ক্রিসমাস ও ছুটির মৌসুমে যুক্তরাজ্যের দোকানপাটে কেনাকাটা তেমন চাঙ্গা হয়নি। খবর বিবিসি।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) জানায়, গত ডিসেম্বরে যুক্তরাজ্যে দোকান থেকে কেনাকাটা পূর্ববর্তী মাসের চেয়ে ১ শতাংশ কমেছে। ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে তা কমেছে ৫ দশমিক ৮ শতাংশ। গত বছর খুচরা বিক্রিতে রেকর্ড পতন হয়েছে বলে জানায় ওএনএস। ২০২১ ও ২০২২ সালে দেশটির খুচরা বিক্রি কমেছে ৩ শতাংশ। ১৯৯৭ সালে ওএনএসের উপাত্ত রাখা শুরুর পর যা সর্বোচ্চ।
গত বছরের শুরু থেকেই উচ্চ জ্বালানি মূল্যে ধুঁকেছে ব্রিটিশ ভোক্তারা। একই সঙ্গে মূল্যস্ফীতি ১০ দশমিক ৫ শতাংশ ছুঁয়েছে, যা ৪০ বছরের সর্বোচ্চ।










