মার্চে চীনের অ্যালুমিনিয়াম আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম দ্রুতগতিতে বাড়ছে। অতিরিক্ত দামের কারণে সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এ কারণে ধাতব পণ্যটির আমদানি দুই লাখ টনেরও নিচে নেমেছে।
শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, গত মাসে চীন বিদেশের বাজার থেকে সব মিলিয়ে ১ লাখ ৯৭ হাজার ১৩৪ টন অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি করে। এর মধ্যে প্রাইমারি, অগঠিত ও অ্যালয়েড অ্যালুমিনিয়ামও রয়েছে। অথচ ২০২১ সালের একই মাসে দেশটি সব মিলিয়ে ২ লাখ ৬ হাজার ৫৫৬ টন অ্যালুমিনিয়াম আমদানি করেছিল।
অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন দেশের বাইরে থেকে ৫ লাখ ৩৩ হাজার ১৩৬ টন অ্যালুমিনিয়াম ক্রয় করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ প্রায় ১৯ শতাংশ কমেছে। তবে এ সময়ের মধ্যে আমদানীকৃত অ্যালুমিনিয়ামের মূল্যমান বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। শুধু মার্চেই মূল্যমান বাড়ে ১৬ শতাংশ।
পণ্যবাজার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যানটেইক কনসালট্যান্সির বিশ্লেষক শেন লিংয়েন বলেন, চীনের বাজারে অ্যালুমিনিয়ামের যে দাম, তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। কিছু বিদেশী উৎপাদক গত বছরের শেষ দিক থেকেই উৎপাদন কমিয়ে আনছেন। ঊর্ধ্বমুখী জ্বালানি ব্যয়ে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তবে অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি কমলেও মার্চে এসব পণ্যের রফতানি বেড়েছে। শুল্ক বিভাগ জানায়, গত মাসে দেশটি ৫ লাখ ৯৪ হাজার ৩৬১ টন অ্যালুমিনিয়াম রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৩৪ শতাংশ বেড়েছে।
এছাড়া অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রধান কাঁচামাল বক্সাইট আমদানি ১ কোটি ১৭ লাখ টনে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি ১৬ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, বছরের প্রথম প্রান্তিকে বক্সাইট আমদানি ২০ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার টনে।
অন্যদিকে মার্চে চীনে আকরিক লোহা আমদানিও গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে দেশটি ৮ কোটি ৭২ লাখ ৮০ হাজার টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ২১ লাখ ১০ হাজার টন।










