চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান কমেছে ৯৬ শতাংশের বেশি। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ১৭ কোটি ২৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৫২ কোটি ৫১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট লোকসান কমেছে ৩৫ কোটি ২২ লাখ টাকা বা ৯৬ দশমিক ৫৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ২১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৬৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫৪ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২১ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৯ জুন।