সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নিজেদের বায়ুবিদ্যুৎ সক্ষমতা ৫০০ মেগাওয়াট বাড়িয়ে দুই হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করছে। বায়ু বিদ্যুৎ সক্ষমতাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে দেশটি। ব্যবহার করা হবে বাণিজ্যিকভাবে। দেশটির পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান মাসদারের শীর্ষ নির্বাহী এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ন্যাশনাল নিউজ।
নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির প্রধান সবুজ হাইড্রোজেন কর্মকর্তা মোহাম্মদ এল রামাহি ন্যাশনাল নিউজকে জানান, আবুধাবি অফটেক চুক্তির ভিত্তিতে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রজেক্ট (আইপিপি) মডেল অনুসরণ করবে। পাশাপাশি মাসদারের সঙ্গে একটি কনসোর্টিয়াম তৈরি করা হবে। তিনি বলেন, ‘প্রকল্পের ৫১-৬০ শতাংশের অংশীদার হবে মাসদার। অবশিষ্ট অংশ ডেভেলপার, অপারেটর ও বিনিয়োগকারীদের দ্বারা গঠিত আন্তর্জাতিক কনসোর্টিয়ামের হাতে থাকবে।’
আবুধাবিতে পানি ও বিদ্যুতের একক ক্রয়কারী এমিরেটস ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি কোম্পানি (ইউইক) এ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেবে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত গত বৃহস্পতিবার তাদের প্রথম বায়ু বিদ্যুৎ প্রোগ্রাম চালু করার ঘোষণা দেয়। আগামী ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ ও জ্বালানি মিশ্রণকে বৈচিত্রময় করার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে দেশটি।










