চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। শিল্প ধাতুটির মোট বৈশ্বিক উৎপাদনের অর্ধেকের বেশি চীন একাই জোগান দেয়। চলতি বছরের জুলাইয়ে দেশটির কারখানাগুলোয় অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও রয়টার্স।
চীনা এনবিএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে চীনের কারখানাগুলোয় সব মিলিয়ে ৯ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত মাসে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে।
শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং চলতি বছরের জুনের তুলনায় জুলাইয়ে চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।










