ক্লিয়ারওয়ের ৫০ শতাংশ মালিকানা কেনার ঘোষণা দিয়েছে টোটালএনার্জি। যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি সংস্থাটির অর্ধেক অধিগ্রহণের মাধ্যমে এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে টোটাল। খবর রয়টার্স।
কয়েক বছর ধরেই ফরাসি জ্বালানি জায়ান্ট দ্রুত বর্ধনশীল নবায়নযোগ্য জ্বালানি খাতে মনোযোগ দিয়েছে। হাইড্রোকার্বন-কেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে ব্যবসা বহুমুখী করে তুলছে। টোটালএনার্জি জানিয়েছে, এ অধিগ্রহণের মাধ্যমে সংস্থাটি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনারসের (জিআইপি) সঙ্গে দলবদ্ধ হবে। ক্লিয়ারওয়েতে সংস্থাটির বড় ধরনের বিনিয়োগ রয়েছে। এজন্য এ চুক্তির আওতায় জিআইপি ১৬০ কোটি ডলারের নগদ অর্থ পাবে।
টোটালএনার্জির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক পুইয়ান বলেন, এ অধিগ্রহণের মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাব। বিশ্বের অন্যতম গতিশীল বাজার এবং পরিচালন সম্পদ আমাদের কার্যক্রম বিস্তৃত করতে সহায়তা করবে। পাশাপাশি এটি আমাদের ২৫ গিগাওয়াটের উচ্চমানের পাইপলাইন, বায়ু, সৌরবিদ্যুৎ ও স্টোরেজ এবং ৩৪টি অঙ্গরাজ্যসহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে উপস্থিতি বাড়াবে।
বর্তমানে ক্লিয়ারওয়ের ৭ দশমিক ৭ গিগাওয়াট ক্ষমতার বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্প রয়েছে। পাশাপাশি সংস্থাটির নবায়নযোগ্য জ্বালানির ২৫ গিগাওয়াটের পাইপলাইন ও সংরক্ষণ সম্পদ রয়েছে। গত মাসে টোটালএনার্জি প্রথম প্রান্তিকের শক্তিশালী মুনাফার ফলাফল প্রকাশ করে। জ্বালানি তেল ও গ্যাসের উচ্চ দাম এ সময়ে সংস্থাটিকে বড় অংকের মুনাফা পেতে সহায়তা করেছে। এ সময়ে টোটালের আয় ৫৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৮৬০ কোটি ডলারে উন্নীত হয়। জানুয়ারি-মার্চ সময়ে সংস্থাটির পরিচালন মুনাফা শেয়ারপ্রতি ৩ ডলার ৪০ সেন্টে পৌঁছে।










